বিক্রি

ব্যবহারের শর্তাবলি

সর্বশেষ হালনাগাদ: ৭ সেপ্টেম্বর ২০২৬

বিক্রিতে দোকান খুললে আপনি নিচের শর্তগুলোতে রাজি হচ্ছেন। আইনি ভাষা যতটা কম রাখা যায়, ততটাই রাখা হয়েছে — যা লেখা আছে, সেটাই বোঝায়।

বিক্রি আসলে কী

বিক্রি আপনাকে একটি অনলাইন দোকানের লিংক দেয়, যেখানে আপনার পণ্য সাজানো থাকে আর ক্রেতা নিজেই অর্ডার করতে পারে। বিক্রি নিজে কোনো পণ্য বিক্রি করে না, ডেলিভারি দেয় না, আর টাকা লেনদেনের মধ্যেও থাকে না।

টাকা কে নেবে

বেচাকেনাটা সরাসরি আপনার আর আপনার ক্রেতার মধ্যে। টাকা নেওয়া হয় ডেলিভারির সময় হাতে হাতে, কিংবা আপনি নিজের যে বিকাশ নম্বরটি দোকানে দিয়েছেন সেটিতে — দুই ক্ষেত্রেই টাকা সরাসরি আপনার কাছে যায়। বিক্রির নিজের কোনো পেমেন্ট সিস্টেম নেই, কোনো টাকা বিক্রির হাত দিয়ে যায় না, আর কে টাকা দিয়েছে বা দেয়নি তার কোনো হিসাবও বিক্রি রাখে না। তাই টাকা বুঝে নেওয়া, পণ্য পৌঁছে দেওয়া, ফেরত নেওয়া বা টাকা ফেরত দেওয়ার দায়িত্ব দোকানদারের।

দোকানদারের দায়িত্ব

দোকান খোলার আগে এগুলোতে রাজি থাকতে হবে।

অ্যাকাউন্ট

একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে একটি দোকান। আপনার অ্যাকাউন্ট দিয়ে যা যা হবে তার দায় আপনার, তাই সাইন ইন করা ফোনটা নিজের কাছে রাখুন। দোকান তৈরি করে দেয় বিক্রির টিম — আপনি নিজে থেকে খুলতে পারবেন না।

খরচ

এখন সেবাটি ফ্রি, আর কোনো কমিশনও নেই। ভবিষ্যতে দাম ঠিক হলে আগে আপনাকে জানানো হবে — লিংক হঠাৎ বন্ধ হয়ে যাবে না।

দোকান বন্ধ করা

উপরের শর্ত ভাঙলে — যেমন অবৈধ পণ্য, ভুয়া দোকান বা অন্যের ছবি — দোকানটি বন্ধ করে দেওয়া হতে পারে। সাধারণত আগে জানানো হবে, তবে আইন ভাঙার মতো ব্যাপারে সাথে সাথেই বন্ধ করা হতে পারে। আপনি নিজেও যেকোনো সময় bikrilink@gmail.com ঠিকানায় লিখে দোকান বন্ধ করতে পারেন।

সেবার নিশ্চয়তা

সেবাটি "যেমন আছে তেমন" দেওয়া হয়। সার্ভার বা ইন্টারনেটের সমস্যায় সাইট কিছু সময়ের জন্য বন্ধ থাকতে পারে, আর সেই সময়ের বিক্রি বা ক্ষতির জন্য বিক্রি দায়ী থাকবে না। আমরা চেষ্টা করি যেন এমন না হয়।

শর্ত বদলালে

এই শর্তগুলো বদলাতে পারে। বড় কোনো পরিবর্তন হলে দোকানদারদের জানানো হবে, আর উপরের তারিখটি হালনাগাদ করা হবে।

আইন আর যোগাযোগ

এই শর্তাবলির ক্ষেত্রে বাংলাদেশের আইন প্রযোজ্য। কোনো প্রশ্ন থাকলে bikrilink@gmail.com ঠিকানায় ইমেইল করুন।